আনোয়ারায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ, তদন্ত ও শাস্তির দাবি জোরালো

আনোয়ারায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের অভিযোগ, তদন্ত ও শাস্তির দাবি জোরালো

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা প্রতিদিন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অংশ নিয়ে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী অভিযোগ করেন, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে অনৈতিক আচরণ করতেন এবং বিভিন্ন সময় গায়ে হাত দিতেন। এ ধরনের আচরণের প্রতিবাদ জানিয়ে তারা অভিযুক্ত শিক্ষককে চাকরি থেকে বহিষ্কারসহ আইনের আওতায় আনার দাবি জানান।

স্থানীয় ইউপি সদস্য ইলিয়াস কাঞ্চন রুবেল বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে কিছুদিন আগে তদন্ত সম্পন্ন করে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

তিনি আরও বলেন, “আবারও পুনঃতদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে, যা শিক্ষার্থী ও এলাকাবাসী মেনে নিতে পারছে না। আমরা চাই, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।”

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা জালাল উদ্দীন বলেন, শিক্ষার্থীদের আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং বিষয়টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তদন্তাধীন রয়েছে। পুনঃতদন্তের জন্য নোটিশ জারি করা হলেও তা এখনো কার্যকর হয়নি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মাধব চন্দ্র বসু জানান, চট্টগ্রাম শিক্ষা বোর্ড থেকে এ ঘটনায় প্রতিবেদন চাওয়া হয়েছে। গত সোমবার সরেজমিনে তদন্তে যাওয়ার পরিকল্পনা থাকলেও তা সম্ভব হয়নি। আগামী কয়েক দিনের মধ্যে তদন্ত সম্পন্ন করে বোর্ডে প্রতিবেদন পাঠানো হবে।

মানববন্ধনে এলাকাবাসীর মধ্যে মো. লিটন, দেলোয়ার হোসেন, ইউপি সদস্য মো. ইদ্রীস, নুরু মিয়া, মফিজ, ওসমান, আব্দুল হকসহ স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।