আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ভিংরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সঞ্জীব মজুমদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক বাবু রাজিব দত্তের সঞ্চালনায় ফিতা ও কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন সত্তারহাট ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ও শিক্ষানুরাগী আবু বক্কর সওদাগর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (নবাগত) সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন চৌধুরী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠান কেবল ইট-পাথরের দালান নয়, এটি মানুষ গড়ার কারখানা। মন দিয়ে পড়াশোনা করে তোমাদের এগিয়ে যেতে হবে এবং দেশের ভবিষ্যৎ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।”
বক্তব্যে তিনি বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের কথা তুলে ধরে বলেন, “আমাদের স্কুল ভবনটি অনেক পুরনো ও জরাজীর্ণ, অথচ শিক্ষার্থীর সংখ্যা অনেক। স্থানীয় সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, বিদ্যালয়ের জন্য একটি নতুন ভবন বরাদ্দ দেওয়া হোক। এতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে আসবে।”
অনুষ্ঠানে বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সঞ্জয় ভট্টাচার্য, মোহাম্মদ আব্দুল আলিম, মোহাম্মদ নুর কামাল, মোহাম্মদ ওসমান এবং ইউপি সদস্য ফাতেমা বেগম ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক শম্পা গোস্বামী, উর্মি সুলতানা মুক্তা, এস এম তাইবা সুলতানা, সাজিয়া বেগম, জাহানারা বেগম ও অফিস সহায়ক আবুল কালাম।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।





