নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা:
“ইসলামী শিক্ষা বিমুখতা, পারিবারিক শাসনে দায়িত্বহীনতা এবং রাষ্ট্রীয়ভাবে কর্মমুখী শিক্ষাকে প্রাধান্য দিতে গিয়ে ইসলামী শিক্ষাকে সংকুচিত করার কারণে আজ সমাজ কলুষিত হচ্ছে। এই অবক্ষয় থেকে পরিত্রাণ পেতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও অভিভাবকদের আরও সচেতন ভূমিকা পালন করতে হবে।”
গাউছিয়া হাশেমী কমিটি বাংলাদেশ কর্তৃক সারাদেশব্যাপী পরিচালিত—যুগশ্রেষ্ঠ ইসলামী স্কলার, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ভাষা সৈনিক ও ইমামে আহলে সুন্নাত আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী (রহ.)-এর নামে প্রতিষ্ঠিত ‘আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি পরীক্ষা’য় কুমিল্লা জেলা জোন থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বৃত্তি পরিচালনা কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান কাযী মুহাম্মদ আবুল ফোরকান হাশেমী এসব কথা বলেন।
সম্প্রতি কুমিল্লা নগরীর টমছম ব্রিজ সংলগ্ন কুমিল্লা কমার্স কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কুমিল্লা জেলা জোনের পরিচালক ইঞ্জিনিয়ার আলহাজ্ব মুহাম্মদ খোরশেদ আহমদ জনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া হাশেমী কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক মাওলানা মনির আহমদ আনোয়ারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দরবারে হাশেমীয়া আলীয়া শরীফের সাজ্জাদানশীন মাওলানা কাযী মুহাম্মদ বাহাউদ্দীন হাশেমী, আমেনা বেগম, মুহাম্মদ শহিদুল ইসলাম এবং মুহাম্মদ ইয়াজ উদ্দীন আনান।
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ কুমিল্লা জেলা জোন থেকে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ ও সম্মাননা পুরস্কার তুলে দেন।





