নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম , প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬
নারীর প্রতি সহিংসতাকে সম্মিলিত কণ্ঠে ‘না’ বলার প্রত্যয়ে চট্টগ্রামে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের বৈঠকখানা কমিউনিটি হলে এই সভার আয়োজন করা হয়।
‘আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস-২০২৬’ উপলক্ষে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে “নারীর প্রতি সহিংসতা রোধ করি, মানবাধিকার ও মর্যাদার সমাজ গড়ি” শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, পরিবার ও সমাজের প্রতিটি স্তরে নারীর নিরাপত্তা, অধিকার এবং মর্যাদা নিশ্চিত করা অপরিহার্য। এ সময় তাঁরা সব ধরনের সহিংসতা রুখে দিয়ে একটি নিরাপদ ও মানবিক সমাজ গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উপদেষ্টা ও বেগম রোকেয়া পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর হাসিনা জাকারিয়া বেলার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবছার উদ্দিন অলির সঞ্চালনায় সভায় অতিথি আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক বাংলার চট্টগ্রাম ব্যুরো প্রধান ডেইজী মউদুদ এবং ‘অপরাজেয়-বাংলাদেশ’-এর চট্টগ্রাম জোনের প্রধান জিনাত আরা বেগম।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জাফর ইকবাল, চট্টগ্রাম অঞ্চলের সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার চন্দন দাশ (এমজেএফ), উত্তর জেলার আহ্বায়ক ওসমান গনি মজুমদার, দক্ষিণ জেলার সভাপতি লায়ন মিনহাজুর রহমান চৌধুরী, বিভাগীয় কমিটির যুগ্ম সম্পাদক সেলিম নূর ও সালমা বেগম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ফারুক হোসাইন, শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মোমেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রোজী চৌধুরী, নারী ও শিশু বিষয়ক সম্পাদক খালেদা আক্তার চৌধুরী এবং সদস্য উম্মে হাবিবা প্রমুখ।





