হাটহাজারীতে এডভোকেট রিয়াদ উদ্দীনের বাবার জানাজা, অশ্রুসিক্ত বিদায়ে খোরশেদ আলম

নিজস্ব প্রতিবেদক: আনোয়ারা (প্রতিদিন)

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট মোহাম্মদ রিয়াদ উদ্দীনের বাবা খোরশেদ আলম মারা গেছেন। গত শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় ভারতের দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মঙ্গলবার বাদ জোহর হাটহাজারীর ফটিকা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খোরশেদ আলমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ আত্মীয়স্বজন ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজা শেষে বাইতুশ শুক্কুর জামে মসজিদের পাশের কবরস্থানে তাঁকে দাফন করা হয়। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

বাবার মৃত্যুতে শোক প্রকাশ করে এডভোকেট মোহাম্মদ রিয়াদ উদ্দীন বলেন, “বাবাকে হারানোর শূন্যতা কোনোভাবেই পূরণ হওয়ার নয়। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”

এদিকে খোরশেদ আলমের মৃত্যুতে হাটহাজারী পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।