নাশকতা ও অগ্নিসন্ত্রাস রোধে আনোয়ারায় পুলিশের বিশেষ মহড়া

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দমনে চট্টগ্রামের আনোয়ারায় বিশেষ মহড়া দিয়েছে থানা পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় এই মহড়া ও টহল কার্যক্রম পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলসহ সম্ভাব্য যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশের প্রস্তুতি ও সতর্ক অবস্থান জানান দিতেই এই মহড়ার আয়োজন করা হয়। আনোয়ারা থানার সব পুলিশ সদস্যের অংশগ্রহণে মহড়াটি উপজেলার টানেল সড়ক, চাতরী চৌমুহনী বাজার ও তৈলারদ্বীপসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো প্রদক্ষিণ করে।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় মশাল মিছিল ও অগ্নিসন্ত্রাসের মতো ঘটনা ঘটছে। এ ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আনোয়ারা থানা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
তিনি আরও জানান, উপজেলার পর্যটন এলাকাগুলোতে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত টহল, চেকপোস্ট স্থাপন ও বিশেষ অভিযান চলমান রয়েছে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের এই তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।