আনোয়ারায় উসকানিমূলক ফেসবুক পোস্ট: ছাত্রলীগ নেতা এ. কে. খান গ্রেপ্তার

আনোয়ারায় উসকানিমূলক ফেসবুক পোস্ট: ছাত্রলীগ নেতা এ. কে. খান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: আনোয়ারা প্রতিদিন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক পোস্ট দেওয়া এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে সম্পৃক্ততার অভিযোগে মোহাম্মদ এ. কে. খান নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১১ এপ্রিল) রাতে উপজেলার রায়পুর ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত এ. কে. খান দক্ষিণ জেলা ছাত্রলীগের একজন সক্রিয় সংগঠক হিসেবে পরিচিত বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন উসকানিমূলক পোস্টের মাধ্যমে এলাকায় অস্থিরতা সৃষ্টির অভিযোগ উঠে তার বিরুদ্ধে। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের গোপন রাজনৈতিক কার্যক্রমে সম্পৃক্ততারও সুনির্দিষ্ট তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ ও গ্রেপ্তারের রেকর্ড রয়েছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এবং এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। জননিরাপত্তা বিঘ্নিত করার মতো যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

রোববার (১২ এপ্রিল) সকালে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।