চুরির মালামাল বিক্রির সময় ধরা যুবক, পুলিশের জালে মাহিন
নিজস্ব প্রতিবেদক: (আনোয়ারা প্রতিদিন)
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। চুরি হওয়া মালামাল বিক্রির সময় স্থানীয়দের হাতে ধরা পড়ার পর তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, আটককৃত যুবকের নাম এস এ চৌধুরী মাহিন (২৪)। তিনি উপজেলার বরুমছড়া ইউনিয়নের ফুলগাজী চৌধুরী বাড়ির ফরিদ আহমদ চৌধুরীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মাহিন ছাত্রদলের একজন সক্রিয় কর্মী এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা জিয়া শিশু-কিশোর মেলার আহ্বায়ক হিসেবেও পরিচিত।
স্থানীয় বাসিন্দারা জানান, গত শুক্রবার রাতে বরুমছড়া ইউনিয়নের মহানগর এলাকার ১ নম্বর ওয়ার্ডে একটি চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পক্ষ আনোয়ারা থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ রয়েছে, শনিবার রাত প্রায় ৮টার দিকে চুরি হওয়া মালামাল বিক্রির চেষ্টা করছিলেন মাহিন। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে অসংগত তথ্য পাওয়ায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
এদিকে স্থানীয়দের একটি অংশ দাবি করেন, এলাকায় সাম্প্রতিক সময়ে কয়েকটি ছোটখাটো চুরির ঘটনার সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত থাকতে পারে। আটক যুবকের মাধ্যমে সেই চক্রের আরও সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলেও তারা মনে করছেন।ঘটনার বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, চুরির একটি মামলায় একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামীকাল রবিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে চুরি হওয়া মালামালের উৎস ও সম্ভাব্য সহযোগীদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তদন্তের অগ্রগতির ওপর ভিত্তি করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





