অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণে এগিয়ে এলো আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন

অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণে এগিয়ে এলো আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক: আনোয়ারা প্রতিদিন

মানবিক উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রত্নপুর এলাকার এক অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণের উপকরণ হস্তান্তর করেছে আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন।

সম্প্রতি উপজেলার রত্নপুর ইউনিয়নের বাহারছড়া এলাকার আবদুল্লাহ আল চৌধুরী বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে পরিবারের সদস্যদের হাতে ঘর নির্মাণের প্রয়োজনীয় নির্মাণসামগ্রী তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার এম এ হান্নান। তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের অন্যতম সামাজিক অঙ্গীকার। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ সম্মিলিতভাবে এগিয়ে এলে আরও অনেক অসহায় পরিবার নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে পারবে।

তিনি আরও বলেন, মানবিক এ উদ্যোগ বাস্তবায়নে যাঁরা শ্রম, সময়, অর্থ ও আন্তরিক সহযোগিতা দিয়েছেন, তাঁদের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হচ্ছে।

সংগঠনের নেতারা জানান, ভবিষ্যতেও অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন।

এ উদ্যোগে নতুন করে নিরাপদ আবাসনের স্বপ্ন দেখতে শুরু করেছে উপকারভোগী পরিবারটি।