এলাকায় আতঙ্কের নাম আবুল খায়ের! হামলা, দাঙ্গা আর জমি দখলের অভিযোগে ফের গ্রেফতার

এলাকায় আতঙ্কের নাম আবুল খায়ের! হামলা, দাঙ্গা আর জমি দখলের অভিযোগে ফের গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: আনোয়ারা প্রতিদিন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে আবুল খায়ের (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (সন্ধ্যায়) পরৈকোড়া ইউনিয়নের ছত্তারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ ভুক্তভোগী মো. আনোয়ার হোসেন নিজ বসতভিটায় ঘেরা নির্মাণ করতে গেলে আবুল খায়েরসহ অন্যান্য আসামীরা তার উপর হামলা চালায়। একপর্যায়ে তাকে মারধর করে গলা টিপে হত্যার চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তিনি প্রাণে রক্ষা পান।

পরে আহত অবস্থায় চিকিৎসা গ্রহণ শেষে আনোয়ার হোসেন থানায় অভিযোগ দায়ের করেন। প্রাথমিকভাবে পুলিশ উভয় পক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা করলেও তা ব্যর্থ হলে মামলাটি রেকর্ড করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আবুল খায়েরের বিরুদ্ধে এলাকায় দাঙ্গা-হাঙ্গামা ও জমি সংক্রান্ত বিরোধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এর আগেও ২০১৯ সালে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে তিনি নিজের বড় ভাই আবুল কালামকে মারধর করে গুরুতর আহত ও পঙ্গু করে দেন বলে অভিযোগ রয়েছে। পরে টাকার অভাবে যথাযথ চিকিৎসা না পেয়ে ওই ভাইয়ের মৃত্যু হয় বলে পরিবারের দাবি। সংশ্লিষ্ট মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ভুক্তভোগীর অভিযোগ ও মেডিকেল সনদের ভিত্তিতে তদন্ত করে মামলাটি রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।