মেধাবী প্রজন্ম গড়তে কঠোর বার্তা: আনোয়ারায় এসএসসি কেন্দ্রে হঠাৎ হাজির ডিসি

মেধাবী প্রজন্ম গড়তে কঠোর বার্তা: আনোয়ারায় এসএসসি কেন্দ্রে হঠাৎ হাজির ডিসি

নিজস্ব প্রতিবেদক: আনোয়ারা প্রতিদিন

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মেধাবী ও সম্পদ হিসেবে গড়ে তুলতে হলে তাদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। নকলমুক্ত, সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা আয়োজনের ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি জানান।

রোববার আনোয়ারা উপজেলার বিভিন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজ নেন।

জেলা প্রশাসক বলেন, নতুন ব্যবস্থাপনায় শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সেদিকে প্রশাসনের সর্বোচ্চ নজর রয়েছে। তিনি জানান, পরীক্ষার্থীদের প্রস্তুতি ও পরীক্ষার মান যাচাই করতে সরেজমিনে কেন্দ্র পরিদর্শন করা হচ্ছে।

ইংরেজি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উদ্বেগ থাকে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীরা যেন কোনো ধরনের ভয় বা চাপ অনুভব না করে, সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে প্রশ্নপত্র ও পরীক্ষার পরিবেশ সম্পর্কে জানতে চান। শিক্ষার্থীরা সন্তোষজনক পরিবেশে পরীক্ষা দিচ্ছে বলে জানিয়েছে।

তিনি আরও বলেন, আনোয়ারা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় প্রশাসনের কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শন করছেন এবং সার্বিকভাবে পরীক্ষার পরিবেশ সুষ্ঠু রয়েছে বলে প্রতিবেদন দিয়েছেন।

পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দীন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন, কেন্দ্র সচিবসহ দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শেষে জেলা প্রশাসক চলমান এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সকল শিক্ষার্থীর সার্বিক সফলতা কামনা করেন।