চার লেন সড়ক প্রকল্পের সুযোগে দোকান দখলের অভিযোগ, বাধা দেওয়ায় ব্যবসায়ীকে মারধর
নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা প্রতিদিন
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ব্যস্ততম চাতরী চৌমুহনী বাজারে জোরপূর্বক দোকান দখলের চেষ্টাকে কেন্দ্র করে সংঘর্ষ ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ব্যবসায়ীকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযুক্তরা হলেন মো. এরশাদ (২৬) ও আলী আকবর (৫৫)। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুস সাত্তার চাতরী চৌমুহনী বাজারের দীর্ঘদিনের ফল ব্যবসায়ী। সম্প্রতি সিইউএফএল সড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্পের আওতায় বাজারসংলগ্ন বেশ কয়েকটি স্থাপনা উচ্ছেদ করা হয় এবং বর্তমানে সেখানে নালা নির্মাণের কাজ চলছে। উচ্ছেদের আগে ওই স্থানে আব্দুস সাত্তারের ব্যবসা প্রতিষ্ঠান ছিল বলে দাবি করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ, চলমান উন্নয়নকাজের সুযোগ নিয়ে অভিযুক্তরা খাট ও বাঁশ দিয়ে জায়গাটি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় আব্দুস সাত্তার ও তার ভাইয়েরা বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় আব্দুস সাত্তার ও তার ভাই জামাল আহত হন।
অভিযোগকারী আব্দুস সাত্তার বলেন, আমি চাতরী চৌমুহনী বাজারের একজন পুরাতন ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে ওই স্থানে ব্যবসা পরিচালনা করে আসছি। সম্প্রতি আমার দোকানের জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করে অভিযুক্তরা। আমি ও আমার ভাইয়েরা এতে বাধা দিলে তারা আমাদের ওপর হামলা চালায়। হামলায় আমি এবং আমার ভাই জামাল আহত হই। পরে বিষয়টি নিয়ে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, উন্নয়ন প্রকল্পের কারণে উচ্ছেদ হওয়া জায়গাগুলো নিয়ে বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এ সুযোগে কিছু ব্যক্তি প্রভাব খাটিয়ে জায়গা দখলের চেষ্টা করছেন, যা বাজারের স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করছে।
এ বিষয়ে আনোয়ারা থানার এসআই মোমেন কান্তি দে বলেন, চাতরী চৌমুহনী বাজার এলাকায় চার লেন সড়ক প্রকল্পের আওতায় নালার কাজ চলমান রয়েছে। এর মধ্যে কিছু ব্যক্তি খাট-বাঁশ দিয়ে জায়গা দখলের চেষ্টা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এক পক্ষের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বাজারের ব্যবসায়ীরা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।





