অনুমোদন হলো আনোয়ারা-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন মেগা প্রকল্প

আনোয়ারা প্রতিদিন, ডেস্ক রিপোর্ট;

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) সচিবালয়ে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে একদম নতুন ৫টি, সংশোধিত ৩টি এবং মেয়াদ বৃদ্ধির তালিকায় রয়েছে আরও ২টি প্রকল্প।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই ১০টি প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব তহবিল (জিওবি) থেকে ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ব্যয় করা হবে ৮০ কোটি ৩৫ লাখ টাকা।

এবারের অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে সবচেয়ে বড় ও মেগা প্রকল্প হলো চট্টগ্রামের আনোয়ারা থেকে কক্সবাজারের ঈদমনি পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক উন্নয়ন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়িত এই বিশেষ প্রকল্পের মাধ্যমে আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) আঞ্চলিক মহাসড়কটিকে আধুনিক ও প্রশস্ত সড়কে উন্নীত করা হবে, যা দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনবে।

যোগাযোগ খাতের পাশাপাশি এই সভায় আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় ‘বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (প্রথম পর্যায়)’, ভূমি মন্ত্রণালয়ের অধীনে ‘সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ’ এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ প্রকল্প অনুমোদিত হয়েছে।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় দেশের ৩৩টি জেলার সার্কিট হাউস ও ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন এবং স্বাস্থ্য খাতে ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২’ অনুমোদন পেয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ‘ঢাকা সিএমএইচে ক্যানসার সেন্টার নির্মাণ (দ্বিতীয় পর্যায়)’ প্রকল্পের সংশোধিত প্রস্তাবও সভায় পাস হয়।

শিক্ষা ও প্রযুক্তি খাতের উন্নয়নে শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় ‘মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট’ প্রকল্পের তৃতীয় সংশোধন এবং দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন প্রকল্পের তৃতীয় সংশোধন অনুমোদন দেওয়া হয়েছে। বিদ্যুৎ খাতের সক্ষমতা বাড়াতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতায় ‘বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন’ প্রকল্পের প্রথম সংশোধিত প্রস্তাব অনুমোদন করা হয়।

এর বাইরে সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও ছয়টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করা হয়, যার মধ্যে ৩০টি পৌরসভায় পানি সরবরাহ উন্নয়ন, ঢাকা দক্ষিণের বর্জ্য ব্যবস্থাপনা ও যানজট নিরসন এবং খুলনায় কৃষি কলেজ স্থাপন অন্যতম।

সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ মন্ত্রিপরিষদের সদস্য এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।