‘সম্রাট গ্রুপ’ আতঙ্কে আনোয়ারা: মাদক, ছিনতাই ও কিশোরগ্যাংয়ের বিরুদ্ধে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: আনোয়ারা প্রতিদিন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শোলকাটা এলাকায় কিশোরগ্যাং, মাদক ব্যবসা, চুরি-ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে জনপদ। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা এবার প্রকাশ্যে প্রতিবাদে নেমে সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার (১৩ মে) কালাবিবির দিঘিস্থ একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয়রা অভিযোগ করেন, বারখাইন ইউনিয়নের শোলকাটা গ্রামকে অপরাধের অভয়ারণ্যে পরিণত করেছে ‘সম্রাট গ্রুপ’ নামের একটি কিশোরগ্যাং। মাদক কারবার, ছিনতাই, চাঁদাবাজি, হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রাখা হয়েছে বলে দাবি তাদের।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নঈম উদ্দিন চৌধুরী। তিনি বলেন, গত কয়েক বছর ধরে একটি সংঘবদ্ধ চক্র এলাকায় অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছে। গ্রুপটির সদস্যদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের ভয়ভীতি দেখিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

তিনি জানান, গত ১০ মার্চ ‘সম্রাট গ্রুপ’-এর সদস্য মহিম হাসপাতাল মোড়ে একটি ছয়তলা ভবনে চুরি করতে গিয়ে ভবন থেকে পড়ে নিহত হয়। ওই ঘটনার পর গ্রুপটির সদস্যরা ক্ষিপ্ত হয়ে হাসপাতালের জরুরি বিভাগের গ্লাস, অ্যাম্বুলেন্স, দোকানপাট ও বসতবাড়িতে হামলা চালায়। এসময় শাকিল নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করা হয় বলেও অভিযোগ করা হয়।

বক্তারা দাবি করেন, ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে গ্রুপটির প্রধান সম্রাট ও তার ফুফি রুবিসহ তিনজনকে গ্রেফতার করে। তবে সম্প্রতি সম্রাটের চাচা জানে আলম ও ফুফি রুবি জামিনে বের হয়ে স্থানীয় নিরীহ মানুষদের বিরুদ্ধে আদালতে “মিথ্যা মামলা” দায়ের করেছেন বলে অভিযোগ ওঠে সংবাদ সম্মেলনে।

এসময় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী বলেন, আমরা শান্তিতে বসবাস করতে চাই। মাদক, সন্ত্রাস ও কিশোরগ্যাংয়ের ভয়ে সাধারণ মানুষ আজ আতঙ্কিত। প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা যুবদলের সদস্য গিয়াস উদ্দিন চৌধুরী, ইউপি সদস্য আবুল কাসেম, যুবদল নেতা মো. শাহজাহান, ছাত্রদল নেতা এইচ এম তারেকুল ইসলাম, শ্রমিকদল নেতা আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবকদল নেতা নিহাত উদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।