নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম;
দুর্যোগ ও অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের জানমাল সুরক্ষায় দৃঢ় প্রত্যয় নিয়ে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬। অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২০ মে) সকাল থেকে পুরো উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশে দিবসটি পালিত হয়।
দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেয় প্রশাসন, ফায়ার সার্ভিস সদস্য, মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সকালে আনোয়ারা ফায়ার স্টেশন চত্বর থেকে একটি সুসজ্জিত ও সুশৃঙ্খল বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
আধুনিক দমকল যান, সচেতনতামূলক ব্যানার ও নিরাপত্তাবিষয়ক বার্তা সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বের হওয়া শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসাধারণের মাঝে অগ্নি ও দুর্যোগ প্রতিরোধে সচেতনতার বার্তা পৌঁছে দেয়।
বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর আনোয়ারা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মহিন উদ্দিন।
এ সময় তিনি বলেন, শুধু ফায়ার সার্ভিসের ওপর নির্ভর করলে হবে না, দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষকেও প্রাথমিক নিরাপত্তা ও উদ্ধার কার্যক্রম সম্পর্কে সচেতন হতে হবে। সচেতনতা ও দ্রুত পদক্ষেপই পারে বড় ধরনের ক্ষয়ক্ষতি রোধ করতে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) দীপক ত্রিপুরা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি এবং বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান। এদিকে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলে।
ব্যানার-প্ল্যাকার্ড হাতে তাদের অংশগ্রহণে র্যালিটি রূপ নেয় জনসচেতনতামূলক এক গণআন্দোলনের প্রতীকে। সংশ্লিষ্টরা জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে আগামী কয়েকদিন আনোয়ারায় অগ্নি নির্বাপণ মহড়া, সচেতনতামূলক প্রশিক্ষণ ও বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালিত হবে।





