‘দালাল’ আখ্যা দিয়ে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের হয়রানির অভিযোগ: আনোয়ারা মডেল ফারিয়ার উদ্যোগে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক: আনোয়ারা প্রতিদিন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কয়েকজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভকে “দালাল” আখ্যা দিয়ে পুলিশি হয়রানি ও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চট্টগ্রামের আনোয়ারায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর প্রতিবাদে সোমবার সকাল ১০টায় আনোয়ারা উপজেলা মডেল ফারিয়ার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, ম্যানেজার ও সংশ্লিষ্ট পেশাজীবীরা এ কর্মসূচিতে অংশ নেন। তারা অভিযোগ করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কয়েকজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ চিকিৎসকদের সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে গেলে তাদের “দালাল” আখ্যা দিয়ে আটক করা হয় এবং পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
এ ঘটনায় দেশের ওষুধ শিল্প সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে জানান তারা।
বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তারা নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে চিকিৎসকদের কাছে ওষুধের বৈজ্ঞানিক তথ্য, গবেষণা এবং ব্যবহার সংক্রান্ত তথ্য পৌঁছে দেন। স্বাস্থ্যখাতে তথ্য আদান-প্রদান ও সচেতনতা বৃদ্ধিতে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আয়োজকরা আরও বলেন, একটি পেশাজীবী গোষ্ঠীকে “দালাল” আখ্যা দিয়ে হয়রানি করা শুধু ব্যক্তিগত নয়, পুরো পেশার মর্যাদার ওপর আঘাত। এ ধরনের ঘটনা অব্যাহত থাকলে স্বাস্থ্য ও ওষুধ শিল্পে নেতিবাচক প্রভাব পড়বে বলেও তারা সতর্ক করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আনোয়ারা ফারিয়ার সভাপতি মোহাম্মদ সেলিম, সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন পারভেজ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ, প্রধান উপদেষ্টা মোঃ ওমর ফারুক, সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান এবং মোঃ লিটন মিয়া।
এছাড়া দক্ষিণ জেলা ম্যানেজার ফোরামের সেক্রেটারি মোহাম্মদ আমিনুল ইসলাম, আনোয়ারা ম্যানেজার ফোরামের সভাপতি মোঃ মনসুর, সাধারণ সম্পাদক মোঃ আজাদ এবং সাবেক সাধারণ সম্পাদক মোঃ সরোয়ার উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানিয়েছেন, তাদের মূল দাবি হলো পেশাগত মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নিরাপদ ও সম্মানজনকভাবে দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদান।





