চট্টগ্রামেট্রপিক্যাল মেডিসিন ও টক্সিকোলজি বিষয়ক জাতীয় সম্মেলন

নিজস্ব (প্রতিবেদক) চট্টগ্রাম :

‘সবার জন্য স্বাস্থ্য জ্ঞান’ গ্রন্থের মোড়ক উন্মোচন
চট্টগ্রাম: সংক্রামক রোগ, ট্রপিক্যাল মেডিসিন ও টক্সিকোলজির সাম্প্রতিক জ্ঞান, গবেষণা এবং চিকিৎসা অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ১৪তম জাতীয় ট্রপিক্যাল মেডিসিন ও টক্সিকোলজি সম্মেলন। চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি, রোগ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্বকে সামনে রেখে আয়োজিত এ জাতীয় সম্মেলন দেশের স্বাস্থ্যসেবা ও চিকিৎসা গবেষণার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ আয়োজন। সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ পর্বে অধ্যাপক ডা. মো. আবুল ফয়েজ সম্পাদিত স্বাস্থ্যবিষয়ক গ্রন্থ ‘সবার জন্য স্বাস্থ্য জ্ঞান’-এর মোড়ক উন্মোচন করা হয়।

২০ নভেম্বর ২০২৬, শুক্রবার সকাল ৮টা থেকে দিনব্যাপী চট্টগ্রাম মেডিকেল কলেজের শেখ আলম বীর উত্তম অডিটোরিয়ামে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগ, বাংলাদেশ সোসাইটি অব ইনফেকশাস অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন (BSTID) এবং সোসাইটি অব বাংলাদেশ টক্সিকোলজির (TSB) যৌথ সহযোগিতায় ২০ ও ২১ নভেম্বর এ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ফারুক ইউসুফ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, একই বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ডা. তামিজ উদ্দিন আহমেদ মানিক ও ডা. খুরশিদ আলম চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. হাসান উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাসলিম উদ্দিন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনিসুল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বলেন, চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি, গবেষণা ও চিকিৎসকদের পারস্পরিক জ্ঞান বিনিময় দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংক্রামক রোগ, ট্রপিক্যাল মেডিসিন ও বিষক্রিয়াজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় চিকিৎসকদের দক্ষতা, গবেষণাভিত্তিক জ্ঞান এবং সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও রোগ প্রতিরোধ সম্পর্কে সঠিক ধারণা ছড়িয়ে দেওয়া জরুরি। চিকিৎসাসেবা কেবল রোগ নিরাময়ের মধ্যে সীমাবদ্ধ নয়; রোগ প্রতিরোধ, স্বাস্থ্যশিক্ষা ও জনসচেতনতা তৈরিও এর গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের জাতীয় সম্মেলন চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি দেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অব ইনফেকশাস অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিনের সভাপতি অধ্যাপক ডা. আমির হোসেন। সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারেক শামস। সম্মেলনের আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবদুস সাত্তার অনুষ্ঠান সঞ্চালনা করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন সোসাইটি অব বাংলাদেশ টক্সিকোলজির সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল ফয়েজ।

স্বাস্থ্যবিষয়ক নির্ভরযোগ্য জ্ঞান সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে গ্রন্থটি প্রকাশিত হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের জ্ঞান ও অভিজ্ঞতাভিত্তিক প্রবন্ধের সংকলন হিসেবে বইটি চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী এবং স্বাস্থ্য বিষয়ে আগ্রহী সাধারণ পাঠকের জন্য সহায়ক হবে বলে সম্পাদকের প্রত্যাশা।

ট্রপিক্যাল মেডিসিন, সংক্রামক রোগ ও টক্সিকোলজির বিভিন্ন বিষয় নিয়ে দেশের চিকিৎসক, বিশেষজ্ঞ ও স্বাস্থ্যসংশ্লিষ্ট পেশাজীবীদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ জাতীয় সম্মেলন চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান বিনিময়, গবেষণা, অভিজ্ঞতা ভাগাভাগি এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকদের প্রত্যাশা।

সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ পর্বে অধ্যাপক ডা. মো. আবুল ফয়েজ সম্পাদিত ‘সবার জন্য স্বাস্থ্য জ্ঞান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। দেশের ৪৫ জন বিশিষ্ট চিকিৎসকের লেখা ১১৩টি প্রবন্ধ নিয়ে সংকলিত ৩৩৬ পৃষ্ঠার এ গ্রন্থে হৃদ্রোগ, ক্যানসার, ডায়াবেটিস, সংক্রামক রোগ, পুষ্টি, মাতৃ ও শিশুসাস্থ্য, মানসিক স্বাস্থ্য, রোগ প্রতিরোধ, জরুরি চিকিৎসা, স্বাস্থ্যসেবা ও জনস্বাস্থ্যসহ চিকিৎসাবিজ্ঞানের নানা গুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে।