জ্বালানি তেলের দাম বেশি নেওয়ায় আনোয়ারায় দুই ব্যবসায়ীকে জরিমানা

জ্বালানি তেলের দাম বেশি নেওয়ায় আনোয়ারায় দুই ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক (আনোয়ারা প্রতিদিন)

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ মার্চ ২০২৬) বিকাল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আনোয়ারা উপজেলার কালা বিবির দীঘি ও মেডিকেল মোড় এলাকার বিভিন্ন বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দুইটি পৃথক মামলায় দুই ব্যবসায়ীকে মোট ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে আইন-শৃঙ্খলা রক্ষায় আনোয়ারা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারে জ্বালানি তেলের কৃত্রিম সংকট প্রতিরোধ ও মূল্য স্থিতিশীল রাখতে জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।