হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কার্যালয় উদ্বোধন

প্রেস বিজ্ঞপ্তি;

আনোয়ারা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কার্যালয় উদ্বোধন করেছেন চট্টগ্রাম-১৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুর ২ টায় উপজেলা সদরের নেওয়াজ ভবনে একার্যালয় উদ্বোধন করা হয়।

এমপি সরওয়ার জামাল নিজাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষে সব ধর্মের লোককে ঐক্যবদ্ধ হতে হবে। ধর্ম যার যার বাংলাদেশ সবার, সবার আগে বাংলাদেশ শ্লোগানে তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাচ্ছি।

তাই ধর্ম নিয়ে বিভাজনের সময় শেষ, আমরা ঐক্যবদ্ধ হয়ে সুন্দর বাংলাদেশ বিনির্মাণে কাজ করব। আনোয়ারা উপজেলা কল্যাণ ফ্রন্টের নতুন কার্যালয়টি উপজেলার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সম্প্রদায়ের মিলন মেলা হিসেবে কার্যকর ভূমিকা রাখবে।

সংগঠনের গৃহীত নানা সামাজিক ও মানবিক কার্যক্রম সম্প্রদায়ের জীবন যাত্রার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। আমি অতীতের ন্যায় আগামীতেও কল্যাণ ফ্রন্টের পাশে থাকবো।”

উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি দিবাকর বডুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাহুল ধরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, তরুণ শিল্পোদ্যোক্তা ও রাজনীতিবিদ সাহ্ওয়াজ নিজাম সনি, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরী, উপজেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নীলকৃষ্ণ চন্দ,জহরলাল সিকদার, প্রণয় বড়–য়া, প্রদীপ চৌধুরী, তুষার সিকদার, নয়ন বড়–য়া, মিলকী চৌধুরীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।