এক কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে আনোয়ারায় ডুমুরিয়া-রুদুরা শাহী জামে মসজিদ পুনর্নির্মাণ শুরু

এক কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে আনোয়ারায় ডুমুরিয়া-রুদুরা শাহী জামে মসজিদ পুনর্নির্মাণ শুরু

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডুমুরিয়া-রুদুরা শাহী জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজ শেষে পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন রুদুরা গ্রামের লন্ডন প্রবাসী সাখাওয়াত হোসেন মহসিন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডুমুরিয়া ও রুদুরা গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, মসজিদ কমিটির সদস্য এবং বিপুল সংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মসজিদ ব্যবস্থাপনা কমিটি জানায়, মসজিদটির প্রাক্কলিত নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক কোটি ৫৩ লাখ টাকা। নতুন নকশায় আনোয়ারার ঐতিহ্যবাহী এই শাহী জামে মসজিদকে দৃষ্টিনন্দন ও আইকনিক রূপে গড়ে তোলা হবে। নির্মাণ কাজ শেষ হলে একসঙ্গে প্রায় পাঁচশত মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
মসজিদ নির্মাণে দেশের ভেতর ও দেশের বাইরে অবস্থানরত ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতায় ফান্ড সংগ্রহের মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে মসজিদের নকশা, বাজেট এবং প্রকল্প বাস্তবায়নের সার্বিক তথ্য উপস্থাপন করেন প্রকল্প প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. কাইয়ূম।
মসজিদ কমিটির সভাপতি নজির হোসেন মেম্বারের সভাপতিত্বে এবং সেক্রেটারি অধ্যাপক মো. আখতার হোছাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন মো. খোরশেদ আলম, সাংবাদিক সরোজ আহমেদ এবং বেসরকারি কারা পরিদর্শক জোবাইরুল আলম মানিক।
বক্তারা বলেন, ডুমুরিয়া-রুদুরা এলাকার মানুষের হৃদয় উদার। মসজিদের নকশা অত্যন্ত সুন্দর ও আধুনিক হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই শাহী জামে মসজিদকে একটি আইকনিক ধর্মীয় স্থাপনায় রূপ দেওয়া সম্ভব হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। মসজিদ নির্মাণে প্রত্যেকে সাধ্যমতো সহযোগিতা করবেন বলেও অঙ্গীকার করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন সৈয়দ মো. মুছা, মনছপ আলী, শাহজালাল, মাওলানা মো. ইউনুস, আবুল মনসুর, মাওলানা মো. আব্বাস উদ্দিন আনোয়ারী, ফসিউল আলমসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও মুসল্লিবৃন্দ।