রমজান সামনে রেখে জয়কালী বাজারে মোবাইল কোর্ট, ৫ মামলায় ২০ হাজার টাকা জরিমানা

রমজান সামনে রেখে জয়কালী বাজারে মোবাইল কোর্ট, ৫ মামলায় ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক: আনোয়ারা প্রতিদিন

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে আনোয়ারা উপজেলার জয়কালী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টা থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে বেশ কয়েকটি দোকানে পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম দাবি, মূল্যতালিকা প্রদর্শন ও সংরক্ষণ না করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগ পাওয়া যায়। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় পাঁচটি মামলায় মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, রমজান মাসজুড়ে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।