চায়না ইকোনমিক জোনের গেইট নির্মাণে আওয়ামী লীগ নেতার ঠিকাদারি আনোয়ারায় রাজনৈতিক উত্তাপ

চায়না ইকোনমিক জোনের গেইট নির্মাণে আওয়ামী লীগ নেতার ঠিকাদারি—আনোয়ারায় রাজনৈতিক উত্তাপ

নিজস্ব প্রতিবেদক: (আনোয়ারা প্রতিদিন)

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় চায়না ইকোনমিক জোনের গেইট নির্মাণের ঠিকাদারি কাজ পাওয়া নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, সাবেক উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক জসীম উদ্দিনের প্রতিষ্ঠানের কাছে কাজটি যাওয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জসীম উদ্দিন পরিচালিত নাজ এন্টারপ্রাইজ এবং মো. হারুন পরিচালিত এএইচ এন্টারপ্রাইজ চায়না ইকোনমিক জোনের গেইট নির্মাণের কাজ পেয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

চায়না ইকোনমিক জোনের নির্বাহী প্রকৌশলী মো. শাহেদ বলেন, গেইট নির্মাণের কাজ পাওয়া ঠিকাদার জসীম উদ্দিন আওয়ামী লীগের নেতা বলে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ এসেছে। এ কারণে কিছু পক্ষ এ বিষয়ে আপত্তি জানিয়েছে।

এদিকে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দাবি করেছেন, কেইপিজেড ও চায়না ইকোনমিক জোনের কিছু কর্মকর্তার যোগসাজশে আওয়ামী লীগ সংশ্লিষ্ট ব্যক্তিরা এখনও ঠিকাদারি কাজে বহাল রয়েছেন। তাদের অভিযোগ, এসব ঠিকাদার ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার মাধ্যমে রাজনৈতিক প্রভাব বিস্তার করছেন এবং বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নানা ধরনের চাপ সৃষ্টি করছেন।

এই ঘটনার প্রতিবাদে আনোয়ারা উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের সমর্থনে বৈরাগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিরা এখনও বিভিন্ন উপায়ে ব্যবসা-বাণিজ্যের সুযোগ পাচ্ছেন, যা স্থানীয়দের মধ্যে অসন্তোষ সৃষ্টি করছে।

বক্তারা আরও অভিযোগ করেন, অতীতে রাজনৈতিক কারণে বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী মামলা ও হামলার শিকার হয়েছেন। তারা প্রশ্ন তোলেন, জসীম উদ্দিন ও হারুন কীভাবে এখনও প্রভাব বজায় রেখে বিভিন্ন কাজ পাচ্ছেন। পাশাপাশি উপজেলা পুলিশ প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

সমাবেশে বক্তারা চায়না ইকোনমিক জোন ও কেইপিজেড কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিল্পাঞ্চলের কার্যক্রম যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়। তবে কোনো বিতর্কিত ব্যক্তি যেন সেখানে সুযোগ না পায়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকার অনুরোধ জানান।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক সদস্য ফরিদ উদ্দিন খান মিল্টন, উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমদ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, বৈরাগ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদল নেতা মু. নুরুল আজিম, সাবেক দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মু. আমিনুল হক, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা অহিদুল ইসলাম চৌধুরী, মু. মহিউদ্দিন, ইকবাল হোসেন জুয়েলসহ আরও অনেকে।