বন্যাকবলিত মানুষের বসতবাড়ি পুনর্গঠন  বন্দর পশ্চিম চর সমাজ কল্যাণ পরিষদ

প্রেস বিজ্ঞপ্তি;

চট্টগ্রাম আনোয়ারা বন্দর পশ্চিমচাল সমাজ কল্যাণ পরিষদের একটি প্রতিনিধি দল আজ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাতুরিয়া গ্রাম পরিদর্শন করে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেছে।

এ সময় বন্দর পশ্চিমচাল সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫টি পরিবারের মাঝে ঘর পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

পরিদর্শনকালে দেখা যায়, সাম্প্রতিক বন্যায় এলাকার অসংখ্য বসতবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। অনেক পরিবার এখনও খোলা আকাশের নিচে কিংবা ঝুঁকিপূর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছে। অনেক এলাকায় এখনো বন্যার পানি পুরোপুরি না নামায় দুর্ভোগ আরও দীর্ঘায়িত হচ্ছে।

বন্দর পশ্চিমচাল সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমান পরিস্থিতিতে শুধু খাদ্যসামগ্রী বিতরণ করলেই চলবে না; ক্ষতিগ্রস্ত মানুষের বসতবাড়ি পুনর্নির্মাণ এবং তাদের জন্য নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করাই এখন সবচেয়ে জরুরি। প্রতিনিধি দল দিনব্যাপী ক্ষয়ক্ষতির চিত্র পর্যবেক্ষণ করে এবং নিজেদের সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করে।

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা অনেক বেশি হওয়ায় এককভাবে সবার প্রয়োজন পূরণ করা সম্ভব নয়। তাই দেশের বিত্তবান ব্যক্তি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, প্রবাসী এবং মানবিক সহায়তায় আগ্রহী সকলের প্রতি বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর এবং বিশেষ করে বসতবাড়ি পুনর্গঠনে সহযোগিতার আন্তরিক আহ্বান জানানো হয়েছে।

বন্দর পশ্চিমচাল সমাজ কল্যাণ পরিষদ আশা প্রকাশ করে, সকলের সম্মিলিত সহযোগিতা ও মানবিক উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আবারও নিরাপদ আশ্রয় ফিরে পাবে এবং স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম হবে।