আনোয়ারা স্টুডেন্ট’স ফোরাম ‘র শোহাদায়ে কারবালার আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ;

শোহাদায়ে কারবালার মহান আত্মত্যাগ, সত্য, ন্যায় ও মানবতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আনোয়ারা স্টুডেন্ট’স ফোরাম (এএসএফ), চট্টগ্রাম-এর উদ্যোগে “ইমাম হোসাইন (রা.)-এর জীবন, আদর্শ ও আত্মত্যাগ” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি তানভীরুল হুদা-র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু নঈম মুহাম্মদ হোসাইন। তিনি বলেন, কারবালার ঘটনা শুধু একটি ঐতিহাসিক অধ্যায় নয়, বরং সত্য, ন্যায়, সাহস ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার এক অনন্য দৃষ্টান্ত।

বর্তমান প্রজন্মের উচিত ইমাম হোসাইন (রা.)-এর আদর্শ থেকে শিক্ষা নিয়ে নৈতিকতা ও মানবতার পথে নিজেদের পরিচালিত করা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও গবেষক শাহজাহান আলী খান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, কারবালার শিক্ষা হলো অন্যায়, জুলুম ও অবিচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করা এবং সত্যের পক্ষে আপসহীন থাকা। ইমাম হোসাইন (রা.)-এর আত্মত্যাগ বিশ্ব মানবতার জন্য এক চিরন্তন প্রেরণার উৎস, যা যুগে যুগে মানুষকে ন্যায় ও সত্যের পথে চলতে উদ্বুদ্ধ করেছে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস এর আবাসিক সম্পাদক, ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক মুনীর চৌধুরী।

বিশেষ অতিথি এসডিজি ইয়ুথ ফোরামের সভাপতি নোমান উল্লাহ বাহার,বিশিষ্ট শিক্ষাবিদ সাজ্জাদুল ইসলাম প্রমুখ।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, কারবালার মূল শিক্ষা হলো সত্যের জন্য ত্যাগ স্বীকার, ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধের চর্চা এবং মুসলিম উম্মাহর ঐক্য সুদৃঢ় করা। তাঁরা তরুণ প্রজন্মকে বিভেদ ও সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জ্ঞান, নৈতিকতা ও মানবসেবার আদর্শে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, কারবালার ঘটনা কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা সম্প্রদায়ের নয়; এটি সমগ্র মানবজাতির জন্য সত্য ও ন্যায়ের সংগ্রামের এক উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠার মাধ্যমে কারবালার আদর্শকে বাস্তব জীবনে ধারণ করতে হবে।

অনুষ্ঠানে আনোয়ারার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শোহাদায়ে কারবালার শহীদদের রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বক্তারা আনোয়ারা স্টুডেন্ট’স ফোরামের মানবিক কার্যক্রমের প্রসংশা করেন।