আনোয়ারায় দুর্ধর্ষ কিশোর গ্যাং লিডার সম্রাট গ্রেফতার, সঙ্গে দুই সহযোগী

আনোয়ারায় দুর্ধর্ষ কিশোর গ্যাং লিডার সম্রাট গ্রেফতার, সঙ্গে দুই সহযোগী

নিজস্ব প্রতিবেদক: আনোয়ারা প্রতিদিন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দুর্ধর্ষ কিশোর গ্যাং লিডার ও ‘সম্রাট বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত শীর্ষ ছিনতাইকারী ও চাঁদাবাজ মোঃ সম্রাট (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ। তার সঙ্গে আরও দুই সহযোগীকেও আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) আধুনিক তথ্য প্রযুক্তি ও বিশ্বস্ত সূত্রের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আনোয়ারা থানার একটি বিশেষ টিম উপজেলার শোলকাটা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত সম্রাট শোলকাটা এলাকার ইলিয়াছ প্রকাশ কালুর ছেলে। তার বিরুদ্ধে ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, চুরি সহ বিভিন্ন অভিযোগে আনোয়ারা থানায় মোট ১০টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মজনু মিয়া, এসআই শিমুল চন্দ্র দাস, এএসআই নুরুল আফছার ও এএসআই সুমন কুমার ধরসহ একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

সম্রাটের সঙ্গে গ্রেফতার হওয়া অপর দুইজন হলেন— মোঃ কামাল (৪৬) ও রুবি আক্তার (৩৭)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্রাট স্থানীয়ভাবে একটি সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিয়ে আসছিল। ‘সম্রাট গ্রুপ’ নামে পরিচিত এই চক্রটি এলাকায় ছিনতাই, চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।

গত ১১ মার্চ দুপুরে সম্রাট ও তার সহযোগীরা সংঘবদ্ধভাবে ধারালো অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে শোলকাটা এলাকায় ‘বিসমিল্লাহ কুলিং কর্নার’ নামের একটি দোকানে গিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা দোকান ভাঙচুর করে এবং দোকানের ক্যাশবাক্স থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় বাধা দিতে গেলে ভিকটিম শাকিলকে ধারালো কিরিচ দিয়ে কুপিয়ে গুরুতর জখম করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থলে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায় এবং ভুক্তভোগীদের হত্যার হুমকিও দেয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত তিন আসামিকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।