সিএনজি চালকের হত্যাকারী গ্রেফতার, পুলিশ উদ্ধার করে হত্যার মোটরসাইকেল
নিজস্ব প্রতিনিধি (আনোয়ারা)
চট্টগ্রাম আনোয়ারা থানার অভিযানরে দুর্ধর্ষ সশস্ত্র আসামী লিয়াকত আলী (৪৪) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর হেফাজত থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।
মামলার তথ্য অনুযায়ী, সাজ্জাদ (২২) নামে এক সিএনজি অটোরিক্সা চালক ১৪ সেপ্টেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ তার যানবাহন নিয়ে বের হওয়ার পর বাড়ি ফেরেননি। পরবর্তীতে ১৬ সেপ্টেম্বর দুপুরে তাঁর মৃতদেহ বেঁড়িবাধ এলাকার একটি পুকুরপাড়ে পাওয়া যায়। ভিকটিমের পিতা মোঃ নাছির ড্রাইভার বাদী হয়ে আনোয়ারা থানায় হত্যা মামলা (মামলা নং-১১, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড) দায়ের করেন।
মামলার তদন্তে ইতিপূর্বে পাঁচজন আসামীকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তি প্রদান করেছেন। স্বীকারোক্তিতে জানা যায়, লিয়াকত আলী নৃশংসভাবে সাজ্জাদকে হত্যা করেন এবং চোখ উপড়ে ফেলার মতো বর্বরতা চালান।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁনের নির্দেশে, আনোয়ারা সার্কেল এবং থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরীর তত্ত্বাবধানে এসআই শিমুল চন্দ্র দাস ও এএসআই মোঃ নুরুল আফছার নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে লিয়াকত আলীকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং হত্যাকান্ডে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত লিয়াকত আলী চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় আন্তঃজেলা সিএনজি ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। এর আগে তার বিরুদ্ধে বাঁশখালী ও রাউজান থানায় সিএনজি ছিনতাই ও চুরির মামলা রয়েছে। মামলার তদন্ত এখনও চলমান।







