চট্টগ্রাম বিভাগীয় নির্মাণ শ্রমিক ইউনিয়ন এর আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শ্রমিক ঐক্যের বার্তা নিয়ে আয়োজিত এ কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা শাখার সভাপতি জনাব জসিম উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ও দপ্তর সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহ। পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুর মুহাম্মদ। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোকতার হোসেন সুমন। বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ-সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফজলুর রহমান, গিয়াসউদ্দিন, কাইয়ুম, বাবুলসহ অন্যান্য জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে নির্মাণ শ্রমিকরা নানা ধরনের নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছেন। ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা। শ্রমিকদের অধিকার আদায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করা হয়।
ইফতার ও দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। শেষে উপস্থিত শ্রমিকদের মাঝে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার পরিবেশন করা হয়।







