আনোয়ারা–কর্ণফুলীতে এনসিপি ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটি গঠন, নেতৃত্বে জুবাইরুল আলম মানিক

আনোয়ারা–কর্ণফুলীতে এনসিপি ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটি গঠন, নেতৃত্বে জুবাইরুল আলম মানিক

নিজস্ব প্রতিনিধি | ০১ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং জোটভুক্ত দলগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তুলতেই এই কমিটি গঠন করা হয়।
নবগঠিত লিয়াজোঁ কমিটির প্রধান তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংসদের সদস্য, এনসিপি মনোনীত প্রার্থী এবং চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জুবাইরুল আলম মানিক।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবীবুল্লাহ্, যুগ্ম সমন্বয়কারী, চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপি; সানাউল্লাহ্ মির্জা, প্রধান সমন্বয়কারী, কর্ণফুলী উপজেলা; মো. আকাশ নুর, সাহেদুর রহমান শাহেদ, ইরফান মাহমুদ এবং জহির উদ্দিন চৌধুরী হিমেল, সকলেই চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সদস্য।
দলীয় সূত্র জানায়, এই লিয়াজোঁ কমিটির মাধ্যমে আনোয়ারা ও কর্ণফুলী এলাকার রাজনৈতিক কার্যক্রম আরও গতিশীল হবে। সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ, তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করা এবং একটি শান্তিপূর্ণ ও গণমুখী নির্বাচনী পরিবেশ গড়ে তুলতেই কমিটির সদস্যরা সম্মিলিতভাবে কাজ করবেন।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, ঐক্য, শৃঙ্খলা ও জনসম্পৃক্ততার মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি ও ১১ দলীয় জোট চট্টগ্রাম–১৩ আসনে একটি ইতিবাচক ও শক্ত অবস্থান সৃষ্টি করতে সক্ষম হবে।