আনোয়ারায় ৯ মামলায় সাজাপ্রাপ্ত আন্তঃজেলা দুর্ধর্ষ গরু চোর ও ডাকাত আব্দুল করিম গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা প্রতিদিন:
চট্টগ্রামের আনোয়ারা থানা পুলিশ আন্তঃজেলা গরু চোর, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ ৯টি চাঞ্চল্যকর মামলার সাজাপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি আব্দুল করিম (৩৭) কে গ্রেফতার করেছে। আধুনিক তথ্য প্রযুক্তি ও নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল করিমের পিতা মৃত আব্দুল মালেক প্রকাশ খুইল্যা মিয়া, মাতা মৃত খতিজা বেগম এবং সৎমাতা আঞ্জুমান আরা বেগম। তার স্থায়ী ঠিকানা চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলার ৮ নম্বর চাতুরী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর চাতুরী এলাকার নাহিদের বাড়ি।
পুলিশ জানায়, এসআই (নিঃ) শিমুল চন্দ্র দাসের নেতৃত্বে এএসআই (নিঃ) মোঃ নুরুল আফছারসহ একটি বিশেষ টিম গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ গভীর রাতে আনোয়ারা থানাধীন কৈনপুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশের রেকর্ড অনুযায়ী, আব্দুল করিমের বিরুদ্ধে আনোয়ারা থানা ছাড়াও ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা, কুমিল্লা জেলার চান্দিনা থানা, চট্টগ্রাম জেলার মীরসরাই ও ফটিকছড়ি থানা এবং চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলি থানায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। বিভিন্ন সময় সংঘবদ্ধ অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
গ্রেফতারকৃত আসামিকে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।






