ভোটকেন্দ্রে সাংবাদিকের কাজে বাধা মানেই অপরাধ: ইসির পরিপত্র জারি

ভোটকেন্দ্রে সাংবাদিকের কাজে বাধা মানেই অপরাধ: ইসির পরিপত্র জারি

নিজস্ব প্রতিনিধি | আনোয়ারা

নির্বাচনী সংবাদ সংগ্রহে নিয়োজিত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাংবাদিকদের কাজে বাধা, হয়রানি বা হামলার ঘটনায় জেল-জরিমানাসহ কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই পরিপত্রে।

সোমবার নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের নিরাপদ ও নির্বিঘ্নে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হবে।

পরিপত্র অনুযায়ী, এবার সাংবাদিক পরিচয়পত্র ও গাড়ির স্টিকারের জন্য আবেদন করতে হবে অনলাইনে। সাংবাদিকরা https://pr.ecs.gov.bd/ পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন অনুমোদিত হলে নিরাপত্তা বৈশিষ্ট্যসমৃদ্ধ কিউআর (QR) কোডযুক্ত পরিচয়পত্র ও স্টিকার ডাউনলোড ও প্রিন্ট করা যাবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিউআর কোড স্ক্যান করে পরিচয়পত্রের বৈধতা যাচাই করতে পারবে।

পরিপত্রে আরও জানানো হয়, বৈধ পরিচয়পত্রধারী সাংবাদিকরা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করে সংবাদ সংগ্রহ করতে পারবেন। গণপ্রতিনিধিত্ব আদেশের ৮৪(ক) ধারা অনুযায়ী, সংবাদ সংগ্রহে নিয়োজিত কোনো সাংবাদিককে বাধা দেওয়া, শারীরিক ক্ষতি করা বা ক্যামেরা, মাইক্রোফোনসহ যেকোনো সরঞ্জাম ভাঙচুর করা দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সংবাদ সংগ্রহে সহায়তা করা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব বলে উল্লেখ করা হয়েছে। ভোটকেন্দ্রের ভেতরে সাংবাদিকরা যাতে অবাধ ও নিরপেক্ষভাবে কাজ করতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করবেন সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার।

ইসি জানিয়েছে, রিটার্নিং অফিসারের অনুমোদনপ্রাপ্ত সাংবাদিকরা নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রেখে নির্বাচনী দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে ভোটকেন্দ্রে সুষ্ঠু পরিবেশ ও স্থান সংকুলানের বিষয়টি বিবেচনায় রেখে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের গণমাধ্যমকর্মীদের সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে।