কর্ণফুলীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ;

কর্ণফুলী চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সত্য সংবাদ প্রকাশের জেরে পেশাগত প্রতিহিংসার বশবর্তী হয়ে দৈনিক ইনফো বাংলা’র সিনিয়র স্টাফ রিপোর্টার মো. সরোয়ার হোসেন (সরোয়ার রানা)-এর ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) বিকেলে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটে।

জিডি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বিকাল আনুমানিক ৩:৩০ ঘটিকায় সাংবাদিক সরোয়ার রানা চরপাথরঘাটা ২নং ওয়ার্ডস্থ কলাতলী এলাকায় আপন সাহেবের মাঠের পাশে একটি দোকানে অবস্থান করছিলেন।

এসময় সংবাদ প্রকাশের ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় চিহ্নিত প্রভাবশালী মো. শাহজাহান (৫২) (পিতা- মৃত আব্দুস সবুর)-এর নেতৃত্বে একদল সন্ত্রাসী তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।হামলাকারীরা প্রথমে সাংবাদিক রানাকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে সংঘবদ্ধ হয়ে তাঁকে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মকভাবে জখম করে।

উপস্থিত লোকজনের সামনেই তাঁকে ও তাঁর পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে সন্ত্রাসীরা।এই ঘটনায় নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে সাংবাদিক সরোয়ার রানা কর্ণফুলী থানায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন, যার নম্বর ১১০৫। বর্তমানে তিনি ও তাঁর পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

এদিকে, একজন কলম সৈনিকের ওপর এমন কাপুরুষোচিত হামলার খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামের সাংবাদিক মহলে তীব্র নিন্দার ঝড় ওঠে। বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর এমন আঘাত কোনোভাবেই মেনে নেওয়া যায় না।” তাঁরা অবিলম্বে অভিযুক্ত শাহজাহান, মুন্না ও রেজভীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান।

কর্ণফুলী থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আসামিদের গ্রেফতারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।